
কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দুই ব্যক্তি ওই ব্যক্তিকে আহত অবস্থায় উখিয়ার কুতুপালংয়ে অবস্থিত এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষ বেলা আড়াইটার দিকে মুঠোফোনে বিষয়টি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানায়। খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, হাসপাতাল থেকে খবর পাওয়ার পর পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। এ বিষয়ে সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।